Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাসভাড়া বাড়ানোর প্রস্তাব, কিলোমিটারে বাড়তে পারে ১৮-২০ পয়সা

বিআরটিএর প্রধান কার্যালয়ে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

সব ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর এবার বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন পরিবহন মালিকরা। কিলোমিটারপ্রতি বাসভাড়া ১৮ থেকে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে আবেদন করেছেন তারা। তবে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে জ্বালানি তেলের বাড়তি দামের পাশাপাশি বাস পরিচালনার অন্যান্য ব্যয়ও বিবেচনায় নেওয়া হয়। এখন এই সুপারিশ সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে, এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন জানান, জ্বালানির দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারে ১ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেই হিসাবে লিটারে ২০ টাকা বাড়ায় কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়বে। প্রস্তাব অনুযায়ী আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে হবে ২ টাকা ৪৩ পয়সা, আর নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে দাঁড়াবে ২ টাকা ৭৩ পয়সায়। তিনি আরও জানান, প্রস্তাবটি বিআরটিএর কাছে জমা দেওয়া হয়েছে, যা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এর আগে রবিবার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন এই চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। একই দিন জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এতে ডিজেলের দাম বেড়ে হয়েছে ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা প্রতি লিটার যা দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম। এর আগে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলেও জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া সমন্বয় করা হয়েছিল। তখন দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে ২ টাকা ৫৩ পয়সা এবং ডিটিসিএ এলাকার মিনিবাস ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

   

About

Popular Links

x