Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার

পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

কর্মস্থলে অননুমোদিতভাবে দীর্ঘদিন অনুপস্থিত থাকা, অসদাচরণ এবং পলায়নের অভিযোগে পুলিশের সাবেক এক অতিরিক্ত ডিআইজিসহ উচ্চপদস্থ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক ছয়টি প্রজ্ঞাপনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন একজন সাবেক অতিরিক্ত ডিআইজি, সাবেক তিন জেলা ও বিশেষায়িত ইউনিটের পুলিশ সুপার এবং দুজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন- সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, সাবেক ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সাবেক সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, এটিইউ-এর সাবেক পুলিশ সুপার কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, সিলেট ৭-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এবং ডিএমপির সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস।

প্রজ্ঞাপন ও বিভাগীয় মামলার নথি পর্যালোচনায় দেখা যায়, উল্লিখিত কর্মকর্তারা বিভিন্ন সময়ে অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার নোটিশ পাঠোনো ও যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সদুত্তর দেননি এবং কর্মস্থলে যোগদান থেকে বিরত থাকেন। পরবর্তীতে বিভাগীয় তদন্তে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই 'পলায়ন' ও 'অসদাচরণের' অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

এ বিষয়ে বিভাগীয় কার্যধারা শেষে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হলে কমিশনও তাদের বরখাস্তের গুরুদণ্ড দেওয়ার সুপারিশ করে। পরবর্তীতে রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর তাদের পদ অনুযায়ী নির্দিষ্ট পেছনের তারিখ থেকে কার্যকরভাবে চাকরি থেকে বরখাস্ত করে সরকারি আদেশ জারি করা হয়।

   

About

Popular Links

x