রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় প্রাইভেট কারের চাপায় মেহেদী হাসান (২৪) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ১ নম্বর সড়কের ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কাজের ফাঁকে ফুটপাতে বসে ছিলেন মেহেদী। এ সময় দ্রুতগতির একটি কালো প্রাইভেট কার ফুটপাতে উঠে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন গাড়ির নিচ থেকে মেহেদীর রক্তাক্ত মরদেহ বের করে আনেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজন গাড়িতে থাকা এক কিশোরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, “মেহেদী কাজের বিরতিতে ফুটপাতে বসে ছিলেন। গাড়িচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশের এই কর্মকর্তা জানান, আটক কিশোর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তার ছেলে। গাড়িটি তাদের পরিবারের। দুর্ঘটনার সময় একজন চালক গাড়িটি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনার পর গাড়ি থেকে দুজনকে বের হতে দেখা যায়। গাড়ির ডান পাশ, অর্থাৎ চালকের আসনের দিক থেকে কালো টি-শার্ট পরা এক কিশোর বের হন। অন্য পাশ দিয়ে নামেন শার্ট পরা এক মধ্যবয়সী ব্যক্তি। লোকজন এগিয়ে এলে দুজনই গাড়িটির পাশে অবস্থান করেন। পরে কিশোরটিকে সেখান থেকে একদিকে সরে যেতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, নিহত মেহেদী হাসানের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে।