Wednesday, September 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, রগ কাটা ও মুখে আঘাতের চিহ্ন

শান্তিবাগ এলাকার নির্মাণাধীন ভবন থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ এএম

রাজধানীর ডেমরায় ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তার ডান হাত ভাঙা ও রগ কাটা অবস্থায় পাওয়া যায়, পাশাপাশি মুখের বাম পাশেও ক্ষতচিহ্ন লক্ষ্য করা গেছে। নিহতের পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে কোনাপাড়ার শান্তিবাগ এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবনের লিফটের জন্য বরাদ্দ পাকা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবককে একই দিন কে বা কারা হত্যা করে ঘটনাস্থলে ফেলে গেছে। পরিচয় শনাক্তে রাতেই ডিএমপির সংশ্লিষ্ট ইউনিট ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আঙুলের ছাপসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে।

প্রতিবেদন লেখা পর্যন্ত সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলছিল।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান জানান, নির্মাণাধীন ভবনটির লিফটের নিচে স্থানীয় বাসিন্দারা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপর সংশ্লিষ্ট ইউনিট মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের নমুনা সংগ্রহ করে।

ওসি আরও জানান, পরিচয় নিশ্চিত হলে পরিবারের সদস্যের অভিযোগের ভিত্তিতে মামলা হবে, নতুবা পুলিশ বাদী হয়েই হত্যা মামলা দায়ের করবে।

   

About

Popular Links

x