কুষ্টিয়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ঢেকিপাড়া সাঁওতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ছাত্রী ও অভিযুক্ত কিশোর সম্পর্কে চাচাতো ভাইবোন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই বছর আগে ক্যানসারে মা মারা যাওয়ার পর থেকে ছাত্রীটি দাদির কাছে থাকে। শনিবার সকালে ছাত্রীর বাবা সাঁওতা ব্রিজের ওপর থেকে ১০ টাকা দিয়ে ওই কিশোরকে মেয়ের কাছে পাঠান। এ সময় ছাত্রী নিজ ঘরে ভাত খাচ্ছিল। অভিযোগ অনুযায়ী, ভাত খাওয়ার কথা বলে কিশোরটি তাকে ধর্ষণ করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে পরিবার বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করার চেষ্টা করেছিল। তবে সোমবার পুলিশ ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মঙ্গলবার সকালে আসামিকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।“



