কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুষ্টিয়া সদর ও দৌলতপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথতলাপাড়ার চাইনা রানী বিশ্বাস (৫০) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হাকিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য খন্দকার এহসান হাবীব (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ স্ত্রী চাইনা রানী বিশ্বাসকে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন তার স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিআরবি কেব্লসের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চাইনা রানী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত বিদ্যুৎ কুমার বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।
অন্যদিকে, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার আনসার-ভিডিপি ব্যাংকের সামনে আরেকটি দুর্ঘটনায় নিহত হন অবসরপ্রাপ্ত সেনাসদস্য খন্দকার এহসান হাবীব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এহসান হাবীব মোটরসাইকেলে করে দৌলতপুর থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। পথে একটি পাখিভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রলি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



