কুষ্টিয়ার ভেড়ামারায় খাদ থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত রেলওয়ের খাদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ওই নারীর আনুমানিক বয়স ৬৫। তার পরিচয় শনাক্তের কাজ চলছে। উদ্ধারকৃত নারীর শরীরের বিভিন্ন অংশ পচে ও গলে গিয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডে রেলওয়ের পাশের খাদে স্থানরয়রা অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ দেখতে পায়।
এসময় তারা পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।
এলাকাবাসী ও পুলিশের ধারণা, ওই নারীর মরদেহ আরো দু-তিন দিন এই খাদেই ছিল। ফলে তার শরীরের বিভিন্ন অংশ পচে ও গলে গিয়েছে।
স্থানীয় বাসিন্দা এনামুল হক জানান, তারা ওই নারীর মরদেহ খাদে ভাসতে দেখে পুলিশকে জানায়। মৃত্যুর পূর্বে তাকে এই এলাকায় কখনো দেখা যায়নি।
ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য আশেপাশের থানা, পিবিআই ও সিআইডি টিমকে খবর পাঠিয়েছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”



