নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে পদ্মা অয়েল ডিপোর কর্মীদের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কৃষক দলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ফয়সালকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে, দুপুর সাড়ে ১২টার পর সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে সিদ্দিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অপারেশন) তারেক আল মেহদী বলেন, “চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল সিদ্ধিরগঞ্জে অবস্থিত পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রয়েছে।
একইসঙ্গে দাবি করা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হত্যা-জখমের হুমকি দেওয়া হয়। বিভিন্ন সময়েও ফোন করে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয়েছে। এ সব অভিযোগে গত ২১ সেপ্টেম্বর পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মী রফিকুল রফিকুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।