গুলশান ও বনানী থানায় নতুন ওসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। পাশাপাশি উত্তরা বিভাগেও নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদায়ন করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুই কার্যালয় আদেশে তাদের পদায়নের কথা জানানো হয়। 

এক আদেশে, ডিএমপির লাইনওআর-এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সালাহউদ্দিনকে বনানী থানার ওসি হিসেবে এবং ডিএমপির লাইনওআর-এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক আবুজায়েদ মো. নাজমুন নুরকে গুলশান থানার ওসি হিসেবে বদলি করা হয়। 

এছাড়া বনানী থানার বর্তমান ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগে বদলি করা হয়। 

অপর আরেক আদেশে, ডিবির রমনা বিভাগের ডিসি মো. রেজাউল করিমকে উত্তরা বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়। এতদিন ভারপ্রাপ্ত হিসেবে উত্তরা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করা মির্জা তারেক আহমেদ বেগকে ডিবির রমনা বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়। 

এছাড়া ডিএমপির সিটি স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগের ডিসি মো. জাহেদ পারভেজ চৌধুরীকে ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়।