বাংলাদেশে ৯০ শতাংশ মানুষ মোবাইল ব্যবহার করলেও নিজের ফোন আছে ৬৬ শতাংশের

দেশে মোবাইল ফোনের ব্যবহার বাড়লেও এখনো সবার নিজস্ব ফোন নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপ অনুযায়ী, মোবাইল ব্যবহারকারীর হার প্রায় ৯০ শতাংশে পৌঁছালেও নিজের ফোন আছে প্রায় ৬৬ শতাংশ মানুষের।

বিবিএসের “আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ ২০২৫-২৬” এর চতুর্থ প্রান্তিকের (এপ্রিল-জুন ২০২৬) প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সংশ্লিষ্ট সূচক হিসেবেও এসব তথ্য ব্যবহার করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ৮৮ দশমিক ২ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করতেন। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এ হার বেড়ে হয়েছে ৮৯ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৯০ জন মোবাইল ফোন ব্যবহার করছেন।

নিজস্ব মোবাইল ফোন আছে, এমন মানুষের হারও বেড়েছে। এ হার ৬৪ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৬৫ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৬৬ জনের নিজের ফোন রয়েছে। এক বছরে মোবাইল ব্যবহার ও মালিকানা, দুটির হারই ১ দশমিক ৪ শতাংশ পয়েন্ট করে বেড়েছে।

জরিপে দেখা গেছে, স্মার্টফোন ব্যবহারের হারও বেড়েছে। আগের ৭৪ দশমিক ৮ শতাংশ থেকে তা এখন ৭৫ দশমিক ১ শতাংশ। অর্থাৎ চার পরিবারের তিনটিতেই এখন স্মার্টফোন আছে। অন্যদিকে ল্যান্ডফোনের ব্যবহার কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে ০ দশমিক ৯ শতাংশ পরিবারে ল্যান্ডফোন ছিল, এবার তা নেমেছে ০ দশমিক ৭ শতাংশে।

ব্যক্তিপর্যায়ে ইন্টারনেট ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাঁচ বছর ও তার বেশি বয়সী মানুষের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর হার আগের বছরের ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৯ দশমিক ২ শতাংশ হয়েছে, অর্থাৎ ৪ দশমিক ২ শতাংশ পয়েন্ট বৃদ্ধি।

তবে পরিবারভিত্তিক হিসাবে চিত্র উল্টো। ইন্টারনেট সুবিধা আছে, এমন পরিবারের হার ৫৯ দশমিক ৭ শতাংশ থেকে কমে ৫৮ দশমিক ২ শতাংশে নেমেছে। এক বছরে কমেছে ১ দশমিক ৫ শতাংশ পয়েন্ট।

একই সময়ে দেশে কম্পিউটার ব্যবহার সামান্য, ০ দশমিক ২ শতাংশ পয়েন্ট বেড়েছে। কিন্তু পরিবার পর্যায়ে কম্পিউটারের উপস্থিতি ০ দশমিক ১ শতাংশ পয়েন্ট কমেছে।

সর্বশেষ জরিপ অনুযায়ী, দেশের ৯৮ দশমিক ৬ শতাংশ পরিবারে বিদ্যুৎ-সংযোগ আছে। ৬০ দশমিক ১ শতাংশ পরিবারে টেলিভিশন এবং ১৫ দশমিক ৩ শতাংশ পরিবারে রেডিও রয়েছে।

চতুর্থ প্রান্তিকে মাঠপর্যায়ে কম্পিউটারভিত্তিক তথ্য সংগ্রহ পদ্ধতি (সিএপিআই) ব্যবহার করেছে বিবিএস। জরিপে ৫ বছর ও তার বেশি বয়সী মানুষের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে।