ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়লো ১০ বসতঘর

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই গ্রামের বাসিন্দা আলফাজ মিয়ার ঘরের বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন মুহূর্তেই আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানের চেষ্টা করেন।

তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর আগে অন্তত ১০ বসতঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, “প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।”

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।