রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে চাঁদপুরে বিদ্যালয়ের এক শিক্ষককে শ্রেণি কার্যক্রম থেকে এবং তার পোস্টে মন্তব্য করার অভিযোগে এক অফিস সহকারীকে দাপ্তরিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম ইশমাম তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
অব্যাহতি পাওয়া দুজন হলেন—চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জুয়েল তালুকদার ও অফিস সহকারী মো. সুমন।
ইউএনও ইশমাম জানান, অভিযোগ তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল হাই।
তিনি জানান, তদন্ত কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয় ও ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামূলক একাধিক পোস্ট করেন।
গত কয়েক মাস ধরে ‘জুয়েল তালুকদার’ নামের ওই ফেসবুক আইডিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি দিয়ে সরকারের সমালোচনা করা হয়।
প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করে জুয়েল তালুকদারকে শ্রেণি কার্যক্রম থেকে এবং সুমনকে দাপ্তরিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
জুয়েল তালুকদার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে পোস্ট ডিলিট করে দিয়েছি।”
বিদ্যালয়ের পক্ষ থেকেও অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে বলে জানান প্রধান শিক্ষক কাজী মো. শাহ আলম।