সন্তানের সামনে নারীকে ধর্ষণের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে দুই শিশু সন্তানের সামনে এক নারীকে ধর্ষণের পর চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক পান ব্যবসায়ীর বিরুদ্ধে। হৃদয়বিদারক এ ঘটনায় বাসচাপায় ওই নারীর চার বছর বয়সী বড় ছেলে আহত হলেও অলৌকিকভাবে বেঁচে যান মা ও তার দুই বছরের ছোট সন্তান।
 
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার একটি পানের আড়তসংলগ্ন নির্জন স্থানে গত মঙ্গলবার গভীর রাতে এই বর্বর ঘটনা ঘটে।
 
পুলিশ ও ঘটনার শিকার নারীর বক্তব্য থেকে জানা গেছে, স্বামী পরিত্যক্তা ওই নারী বাসা ভাড়া দিতে না পেরে সন্তানদের নিয়ে মাওনা উড়াল সেতুর নিচে ফুটপাতে আশ্রয় নিয়েছিলেন। রাতে আশ্রয়ের আশ্বাস দিয়ে সোহরাব হোসেন (৩৫) নামে নেত্রকোণার এক পান ব্যবসায়ী তাকে নির্জন স্থানে নিয়ে দুই শিশুর সামনেই নির্যাতন চালান। পরদিন সকালে ভুক্তভোগী নারী স্থানীয়দের বিষয়টি জানালে গৌতম ও শহীদ নামের দুই ব্যবসায়ী অর্থ দিয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
 
বিচারের বদলে উল্টো ভয়ভীতি দেখানোয় ক্ষুব্ধ হয়ে ওই নারী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই সন্তানকে নিয়ে চলন্ত বাসের নিচে ঝাঁপ দেন। এতে তার বড় ছেলে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পরেই পুরো বিষয়টি জনসম্মুখে আসে।
 
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার তথ্য ও আলামত সংগ্রহ করা হচ্ছে। ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।”