যশোরের কেশবপুরে বাড়ির উঠানে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাব্বির হোসেন (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাব্বির ওই গ্রামের বাসিন্দা এবং ভান্ডারগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল সাব্বির। এসময় গোয়ালঘরের পাশে পড়ে থাকা একটি ছেঁড়া বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত হাত লেগে যায় তার, সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয় সে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডবয় তাপস কুমার দাস।