বাংলাদেশ পুলিশে নতুন বিশেষায়িত ইউনিট গঠন

দেশে ক্রমবর্ধিত সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে ‘সাইবার পুলিশ ইউনিট’ নামে একটি নতুন বিশেষায়িত ও স্বতন্ত্র ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। পুলিশ বাহিনীর একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে পরিচালিত হবে এই বিশেষায়িত ইউনিটটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, “বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় বিশেষায়িত ও স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে পুলিশের বিদ্যমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করেই একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে এই ইউনিটের কার্যক্রম শুরু হবে।”

চিঠিতে আরও জানানো হয়েছে, ইউনিটটির পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, প্রয়োজনীয় নতুন পদের সংখ্যা নির্ধারণ, যানবাহন ও লজিস্টিকস টিওঅ্যান্ডইভুক্তকরণের লক্ষ্যে পূর্ণাঙ্গ প্রস্তাব তিন কার্যদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশ সদর দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পূর্ণাঙ্গ প্রশাসনিক অনুমোদন ও জনবল চূড়ান্ত হওয়ার পর সাইবার ট্র্যাকিং, অনলাইন জালিয়াতি প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত অপরাধ তদন্তে বাংলাদেশ পুলিশের এই স্বতন্ত্র ইউনিটটি বিশেষ ভূমিকা রাখবে।