বিশ্ব নদী দিবস: তিতাসে বর্ণাঢ্য নৌ র‍্যালি 

বিশ্ব নদী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন ‘তরী’ বাংলাদেশের আয়োজনে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।  

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের আনন্দবাজার নৌকা ঘাটে র‍্যালীর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন ‘তরী’ বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ প্রমুখ। 

‘তরী’ বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ জানান, সারা দেশে দখল দূষণের কারণে নদী পথগুলো সংকুচিত হয়েছে। কোথাও কোথাও নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। নদীকে সুরক্ষার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্যই আজকের এই নৌ-র‍্যালির  আয়োজন করা হয়েছে। পাশাপাশি সারা বাংলাদেশে বন্ধ হওয়া প্রায় ২৪ হাজার কিলোমিটার নৌ-পথ উদ্ধারের দাবি জানান তিনি। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল জানান, নদীর গতিপথ ফিরানোর লক্ষ্যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি লন্ডনের টেমস নদীর আদলে ঢাকার বুড়িগঙ্গা নদীকে রূপান্তর করতে চাচ্ছেন। নদী দখল দূষণ রোধে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ ব্যাপারে সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আশার আহবান জানান তিনি। 

নৌ-র‍্যালি শহরে আনন্দবাজার ঘাট থেকে ভাদুঘর বাজার নৌকাঘাটে গিয়ে শেষ হয়।