Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁদপুরে লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়ে যুবক নিখোঁজ

দুর্ঘটনায় পর লঞ্চটি ঘাট ছেড়ে চলে যায়, পরে লঞ্চ ও মাস্টার-গিজারম্যানকে আটক করা হয়েছে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

চাঁদপুরের ষাটনল লঞ্চঘাটে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে রবিন হোসেন (৩৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় এমভি মুকবিল ২ নামের লঞ্চ এবং লঞ্চটির মাস্টার ও গিজারম্যানকে আটক করেছে নৌ পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রবিন হোসেনের বাড়ি শরীয়তপুরের নড়িয়া এলাকায়। তিনি নারায়ণগঞ্জ থেকে মতলব উত্তরে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী এমভি মুকবিল ২ ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামায়। এ সময় লঞ্চ থেকে নেমে নিজের ব্যাগ লঞ্চে রয়ে গেছে মনে পড়ে আবার লঞ্চে ওঠেন রবিন। ব্যাগ নিয়ে দ্বিতীয়বার নামার সময় লঞ্চটি হঠাৎ পেছনের দিকে চালিয়ে দেওয়া হয়। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন।

নিখোঁজের পর থেকে বেলতলী ও মোহনপুর নৌ পুলিশ এবং মতলব উত্তর থানা পুলিশের সদস্যরা স্থানীয়দের নিয়ে মেঘনা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন জানান, ঘটনার পরপরই লঞ্চটি মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চসহ মাস্টার মনির হোসেন ও গিজারম্যান সুমন মিয়াকে আটক করা করে।

বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। তবে এখনও তার সন্ধান পাওয়া যায়নি।

   

About

Popular Links

x