Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফরিদপুরে পাঁচ মাস বিদ্যুৎবিহীন দেড় হাজার পরিবার

পদ্মা নদীতে সাবমেরিন ক্যাবল ছিঁড়ে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে দুই ইউনিয়ন অন্ধকারে

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মাবেষ্টিত চরাঞ্চলের প্রায় দেড় হাজার পরিবার পাঁচ মাসের বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ায় গত ৮ জুন থেকে নারিকেলবাড়িয়া ইউনিয়ন ও চর নাসিরপুর ইউনিয়নের আংশিক এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যাহত হচ্ছে শিশুদের পড়াশোনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্য। কৃষিকাজেও দেখা দিয়েছে সেচসংকট। এদিকে ক্যাবল ছিঁড়ে যাওয়ার কারণ নিয়ে সংসদ সদস্য ও ইউপি চেয়ারম্যানের বক্তব্যে দেখা দিয়েছে ভিন্নতা।

পদ্মা নদী পেরিয়ে ট্রলারে করে পৌঁছাতে হয় সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়ায়। নদী পার হওয়ার পর কোথাও বাঁশের সাঁকো, কোথাও কাদামাখা পথ। দুর্গম যোগাযোগব্যবস্থার এই জনপদে বিদ্যুৎহীনতার কারণে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার প্রায় ৫০ বছর পর ২০২১ সালে পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে প্রথম বিদ্যুৎ পৌঁছায় নারিকেলবাড়িয়া চরাঞ্চলে। বিদ্যুৎ পাওয়ার পর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসে। ঘরে ঘরে ব্যবহৃত হতে শুরু করে টেলিভিশন, ফ্রিজ, বৈদ্যুতিক পাখা, পানির মোটরসহ বিভিন্ন সরঞ্জাম।

তবে সংযোগ চালুর এক বছরের মধ্যেই ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। কয়েক দফায় মেরামত করে বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও বারবার একই সমস্যার মুখে পড়ছেন স্থানীয়রা। সর্বশেষ গত ৮ জুন ক্যাবল ছিঁড়ে যাওয়ার পর থেকে টানা পাঁচ মাসের বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর অভাবে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।

নারিকেলবাড়িয়া এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. কুসুম আক্তারী বলেন, “চরাঞ্চলে বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পর শিশুরা পড়তে চায় না। বিদ্যুৎ থাকলে শিক্ষার্থীদের এই সংকট অনেকটাই কমে যেত।”

এদিকে বিদ্যুৎ সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করতে না পারায় ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কমে গেছে বৈদ্যুতিক পণ্যের বিক্রি।

আব্দুল ফরিদ মাতুব্বর নামের একজন স্থানীয় ব্যবসায়ী জানান, বিদ্যুৎ আসার পর দোকানে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম তুলেছিলেন। কিন্তু দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় সেগুলো বিক্রি হচ্ছে না। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি। পাশাপাশি কৃষকদের মধ্যেও সেচসংকট দেখা দিয়েছে।

নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের দাবি, সংযোগ চালুর পর থেকে তিনবার সাবমেরিন ক্যাবল ছিঁড়েছে। নিম্নমানের বা ত্রুটিপূর্ণ ক্যাবল ব্যবহারের কারণেই বারবার এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ তার।

অন্যদিকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের দাবি, অবৈধভাবে বালু উত্তোলন কিংবা নৌযানের নোঙর ফেলার কারণে সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয়। বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরের দিকে সমস্যার সমাধানের আশ্বাস পাওয়া গেছে।

সমাজের পিছিয়ে পড়া অবহেলিত এই জনপদ দিনের পর দিন বিদ্যুৎহীন অবস্থায় কাটছে চরাঞ্চলের মানুষের জীবন। স্থানীয়দের দাবি, সাময়িক মেরামত নয়, বারবার ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর পাশাপাশি স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে।

   

About

Popular Links

x