Wednesday, November 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফরিদপুরে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন, চালকের মৃত্যু

আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০:০৯ এএম

ফরিদপুরে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসটির চালক কালাচান শেখ (৫৫)-এর মৃত্যু হয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় পৌর বাস টার্মিনাল-সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

নিহত কালাচান শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের মৃত নুরুদ্দিন শেখের ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে বাসচালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও বাসশ্রমিক সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া ‘কিশোর-তন্ময়’ পরিবহনের বাসটি ফরিদপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কে চলাচল করতো। গত দেড় বছর ধরে বাসটি চালাচ্ছিলেন কালাচান শেখ। তার গ্রামের বাড়িতে পরিবার থাকলেও রাতে দেরি হয়ে যাওয়ায় তিনি প্রায়ই বাসের ভেতরে ঘুমাতেন।

বাসটির মালিক ফরিদপুর শহরের রথখোলা সিনপাড়া এলাকার বাসিন্দা তপন কুমার দাস (৫০)। 

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ জানান, রাত ১টা ৫৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বাসের চালক অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জানান, বাসটি বাসস্ট্যান্ডের পাশে পার্কিং করা ছিল। চালক কালাচান শেখ বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিলে তাপের কারণে তার একটি হাত পুড়ে যায়। এসময় তিনি বাস থেকে বের হয়ে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন এসে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান অগ্নিদগ্ধ না হলেও দ্রুত বের হওয়ার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

   

About

Popular Links

x