গাজীপুরে বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর তথ্য ছড়িয়ে ভয়ভীতি দেখিয়ে বিএনপি নেতা মামুনুর রশিদ মামুনের কাছে দুই লাখ চাঁদা দাবির অভিযোগ উঠেছে ‘কোনাবাড়ী বাসিন্দা’ পেজের এডমিন আবির হোসেনের বিরুদ্ধে। মামলার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্তকে কারাগারের মাধ্যমে আদালতে পাঠ‍ানো হয়েছে।

এর আগে, ওই বিএনপি নেতা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

মামুনুর রশিদ মামুন কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

গ্রেপ্তার আবির হোসেন (২৪) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার পাইশূকা গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের কোনাবাড়ী থানাধীন জরুন (পিয়ারা বাগান) এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন।

মামলার বাদী মামুনুর রশিদ মামুন থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন আবির হোসেন। এক পর্যায়ে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে সামাজিকভাবে মানহানি করারও হুমকি দেন। সাধারণ মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। আবির হোসেন ‘কোনাবাড়ী বাসিন্দা’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, “কোনাবাড়ী থানায় মামলার পর সোমবার বিকেলে মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”