যশোরের শার্শা উপজেলায় ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের ওজন প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম, বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ২১ বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৬টার দিকে শার্শার বাগআঁচড়া বাজারের একটি মার্কেট থেকে রিপনকে স্বর্ণের বারসহ আটক করা হয়। তিনি বসতপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলো যশোরের একজন অভিজ্ঞ জুয়েলারকে দিয়ে যাচাই করা হয়েছে। যাচাইয়ে এগুলো খাঁটি ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট থেকে রিপনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৌশলে লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় রিপনের বিরুদ্ধে মামলা করে তাঁকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।