খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বাড়ির পাশে জলাশয়ে পানিতে পড়ে জান্নাতুল (৩) ও সানজাদুল (২) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ওই গ্রামের ইকবাল হোসেনের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল জান্নাতুল ও সানজাদুল। কোনো একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে দুজনই পাশের জলাশয়ে পড়ে যায়। বেশ কিছুক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জলাশয়ে তাদের ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

একসঙ্গে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।

অসাবধানতাবশত যেন এমন দুর্ঘটনা না ঘটে, সে জন্য জলাশয় ও পুকুর সংলগ্ন এলাকায় ছোট শিশুদের চলাফেরায় অভিভাবক ও স্থানীয়দের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এলাকার সচেতন ব্যক্তিরা।

কলারোয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।