ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪

নওগাঁর ধামইরহাটে ছাগলে জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবুল কাশেম (৪২) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের চার সদস্য আহত হয়েছেন। তারা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত রাজ মাহমুদ মণ্ডলের ছেলে।

আহতরা হলেন নিহতের বড় ভাই মুক্তার আলী, ভাইয়ের স্ত্রী রেখা বেগম, বড় ভাই বদিউল ইসলাম এবং ছোট ভাই ইমরান আলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির (৩৫) জমির করলা গাছ খেয়ে ফেলে একটি ছাগল। এ ঘটনাকে কেন্দ্র করে রনির সঙ্গে আবুল কাশেমের পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের সময় রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে উপর্যুপরি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংঘর্ষে নিহতের পরিবারের আরও চার সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আবুল কাশেম ও রনির পরিবারের মধ্যে আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ ছিল। করলা গাছ খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেই বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত হয় বলে তারা জানান।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”