চোর সন্দেহে আটক, কিছুক্ষণ পর মাঠে মিললো যুবকের মরদেহ

গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা মিয়া (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রানা টঙ্গীর এরশাদনগর ২ নম্বর ব্লক এলাকার বাসিন্দা।

শনিবার (৩ অক্টোবর) সকালে টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই এলাকার মেধাবিকাশ স্কুলসংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুরা পশ্চিমপাড়ার মো. হানিফ নামের এক ব্যক্তির বাড়িতে শনিবার সকালে চোর সন্দেহে রানাকে আটক করা হয়। এ সময় বাড়ির কেয়ারটেকারসহ কয়েকজন ভাড়াটিয়া তাকে মারধর করেন।

পরে বেলা সাড়ে ১১টার দিকে মেধাবিকাশ স্কুলসংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে রানার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর রানার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”