সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মো. সজিব হোসেন। তার বাড়ি কুমিল্লা জেলায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার হুতিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে তার মৃত্যু হয়।
বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মন্ত্রণালয় এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে নিহতের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহতের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়েছে। মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা এবং দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।