২২ অক্টোবরের ছুটি অনুমোদন, পূজায় মিলছে ৫ দিনের ছুটি 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। 

দুর্গাপূজার ছুটি ও সপ্তাহিক ছুটির মধ্যে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলার দিনটিতেও ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। 

২২ অক্টোবর ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন হওয়ায় সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন ছুটি উপভোগ করতে পারবেন।  

এদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) দুর্গাপূজার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিলো। এবার ২২ অক্টোবর ছুটির অনুমোদন হওয়ায় টানা তিনদিন ছুটি যুক্ত হলো, অর্থাৎ ২০, ২১ ও ২২ অক্টোবর। আর পরের দুইদিন শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে ৫ দিন ছুটি কাটানোর সুযোগ মিলছে।