শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেনাকাটার সময় বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ সময় সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বেচাকেনা চলবে।
সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দুর্গাপূজার কেনাকাটার সুবিধার্থে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
তবে ২২ অক্টোবরের পর এ সুবিধা আর থাকবে না। ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা যাবে।
সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করতে দেশের সব সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও দোকান মালিক সমিতিগুলোকেও প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।



