খুলনা নগরীতে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ফজলুর রহমান নামে এক অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) রাতে খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সোমবার দুপুরে মোটরসাইকেলে করে মেয়ের সঙ্গে দেখা করতে খুলনায় আসেন তিনি। সন্ধ্যার দিকে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৭টার দিকে গ্যারিসন ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার সুদর্শন কুমার রায় জানান, নিহত ফজলুর রহমান সিআইডিতে পিআরএল ভোগরত অবস্থায় ছিলেন।
তিনি বলেন, “দুর্ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশপাশে সিসিটিভি ফুটেজ আছে কি না, তা সংগ্রহ করে বিশ্লেষণ করা হবে।”