Tuesday, October 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘গণবোমা’ হামলার হুমকি, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বোমা হামলা চালানো হবে এমন হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ে

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৫ এএম

রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে “গণবোমা” হামলার হুমকির পর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বোমা হামলা চালানো হবে এমন হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জাগো নিউজকে বলেন, “নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সেখানে পুলিশের উপস্থিতি আরও বাড়ানো হবে। তিনি জানান, থানা পুলিশের পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত করছে।”

গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে “টপিকেল চাইনিজ ম্যান” নামের একটি আইডি থেকে ই-মেইলটি পাঠানো হয়। তাতে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টায় একাধিক বোমা হামলা হবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সবাইকে উদ্দেশ করে পাঠানো ওই ই-মেইলে লেখা হয়, “আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখ যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর বেলা ১১টার দিকে এই হামলা করা হবে।”

পুলিশ সূত্র জানায়, হুমকির ই-মেইল পাওয়ার পরপরই ব্র্যাক কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের কাছে সতর্কতামূলক বার্তা পাঠায় এবং সবার সহযোগিতা চেয়ে মেইলটি ফরোয়ার্ড করে।

এ বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া লিখিত বক্তব্যে বলা হয়, এমন একটি অজ্ঞাত ই-মেইল তারা পেয়েছে এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং তারা প্রয়োজনীয় সব সহায়তা পাচ্ছেন। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারের সবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, “এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।” তার ভাষ্য, এটি “পোটেনশিয়াল” কোনো হুমকি নয়। ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে ডিবির সাইবার টিম।

   

About

Popular Links

x