ঢাকার সাভারের আশুলিয়ায় নিজেদের নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে রোকসানা বেগম (৪০) নামে এক নারীর বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুবাইপ্রবাসী মকবুল হোসেনের স্ত্রী। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, তাকে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে কলতাসূতি মরিচকাটা এলাকার ওই ভবনের ছাদ থেকে রোকসানার মরদেহ উদ্ধার করা হয়।
প্রায় দুই মাস আগে স্বামীর সঙ্গে আশুলিয়ার মরিচকাটা এলাকায় নিজেদের নির্মাণাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলায় বসবাস শুরু করেছিলেন তিনি।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সন্ধ্যায় ভবনের ছাদে পানির ট্যাংকি দেখতে যান রোকসানা। অনেকক্ষণ পার হয়ে গেলেও তিনি নিচে ফিরে না আসায় স্বজনরা তাকে খুঁজতে শুরু করেন। পরে ছাদে গিয়ে তারা রোকসানাকে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
রোকসানার ভাই মো. ইরাক বলেন, “সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার দিকেও মোবাইল ফোনে আপার সঙ্গে আমার কথা হয়েছিল। কিন্তু রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ খবর পাই আপা আর বেঁচে নেই।”
পুলিশ জানিয়েছে, রোকসানার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূর আমিন বলেন, “হত্যাকাণ্ডের পেছনে একাধিক কারণ থাকতে পারে। নতুন বাড়ি নির্মাণের কারণে চাঁদা দাবি, আর্থিক লেনদেন কিংবা পরকীয়া সংক্রান্ত কোনো বিরোধ। এসব দিক বিবেচনায় রেখেই তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নিহত রোকসানা বেগমের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ পাকুল্লা এলাকায়।