কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে এ গুলির ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যানুযায়ী, গুলিবিদ্ধ ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহলদল দ্রুত পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয় এবং সীমান্তের এপারে অবস্থানরত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা ফায়ার করে। একইসঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, বিজিবি সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।