ফেনীতে বক্সমাহমুদ বাজারে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই

ফেনীর পরশুরামের বক্সমাহমুদ বাজারে একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় বাজারের ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার (৯ অক্টোবর) মধ্যরাতে  ভয়াবহ আগুনে গোডাউনসহ ২০টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

পুড়ে যাওয়া দোকানের মধ্যে মুদি দোকান, ফার্মেসি, কাপড় ও বিভিন্ন স্টেশনারি দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন ছিল।

ব্যবসায়ী আবুল খায়ের জানান, শুক্রবার  রাত ১০টার পর দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে যাই। রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি ফোন করে জানান তার দোকানে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে ছুটে গিয়ে বাজারে যাই। ততক্ষণে দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

‎ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ মিন্টু জানান, একটি মুদি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

পরশুরাম ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই বেশির ভাগ দোকান পুড়ে যায়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে

‎বক্সমাহমুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন মিনার বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত পৌঁছানোয় অনেক দোকান আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।

‎পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ও বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল মণি জানান, প্রাথমিকভাবে ২০টি দোকান পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে আনুমানিক প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অতনু বড়ুয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে এবং তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।