সারাদেশে হামের উপসর্গে নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন মারা গেছে। এছাড়া এই সময়ে ১ হাজার ৭৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ৬৬ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ১০৪ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৭০। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৭৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ২ লাখ ৭ হাজার ৩৭১।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১৩৯। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২২ হাজার ৭১২ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।
চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৪ হাজার ২৬৯ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। আর হামের উপসর্গে যে ছয়জন মারা গেছে, তাদের তিনজন ঢাকা বিভাগের, একজন সিলেট ও দুজন চট্টগ্রাম বিভাগের।