রংপুরের পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন বহুতল ভবনের বারান্দার ছাদ ধসে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার শ্রমিক। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পীরগঞ্জ পৌরসভার নতুন ভবনে ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
নিহতরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বুজরুক রসুলপুর গ্রামের আসাদুল হক (৩৫) এবং রংপুর সদর উপজেলার বুড়িরহাট এলাকার শিহাব (১৯)।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে “ভিশন ২০২০” নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পীরগঞ্জ পৌরসভার নতুন বহুতল ভবন নির্মাণের কাজ করছিল। মঙ্গলবার বিকেলে ভবনটির বারান্দার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় সেখানে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন।
হঠাৎ ছাদের সাটারিং খুলে গেলে ঢালাই করা ছাদ ধসে পড়ে। এতে ছয়জন শ্রমিক গুরুতর আহত হন।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুল হক ও শিহাবকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার জানান, প্রাথমিকভাবে নির্মাণকাজে প্রয়োজনীয় কাঠের সাটারিং ও বাঁশের খুঁটির ঘাটতির কারণে ছাদ ঢালাইয়ের ভার বহন করতে না পেরে ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমীন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, পীরগঞ্জ থানার ওসি নজমুল হকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।