ঢাকার সাভারের আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে দ্রুতগতির একটি বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় মো. ইমান আলী (৪৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। শপিং শেষে স্ত্রীর সঙ্গে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটি ও এর চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাতটার দিকে জামগড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইমান আলী আশুলিয়ার নরসিংহপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইমান আলী ও তার স্ত্রী মার্কেটে কেনাকাটা শেষে জামগড়া চৌরাস্তায় রাস্তা পার হচ্ছিলেন। স্ত্রী রাস্তা পার হয়ে গেলেও ইমান আলী সামান্য পেছনে পড়ে যান। ঠিক তখনই দ্রুতগতির বালুভর্তি ড্রাম ট্রাকটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই রাশেদুজ্জামান জানান, ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৭-০৪৮০) ও এর চালক ইব্রাহিমকে (২৪) আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটক চালকের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।