জাতীয় সংসদ ভবন এলাকায় সৌর প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করেছে এ বিষয়ে মতামত প্রদানসংক্রান্ত কমিটি। সম্ভাব্য স্থান চিহ্নিত করে মানচিত্র তৈরি এবং প্রস্তাবিত স্থানে প্যানেল বসানোর পরিকল্পনার ত্রিমাত্রিক অ্যানিমেশন তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার কায়সার কামাল সভায় সভাপতিত্ব করেন। সভায় কমিটির সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, সাইফুল আলম ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন। এ ছাড়া সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন।
সভায় সংসদ ভবন ও সংসদ এলাকার মোট বিদ্যুতের চাহিদা নিরূপণ, বিদ্যুতের ব্যবহার হ্রাস, সিস্টেম লস কমানো এবং সৌর প্যানেল বসানোর উপযোগী ফাঁকা জায়গার সম্ভাব্যতা যাচাইসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সংসদ ভবনের মূল স্থাপত্যশৈলী ও লুই আই কানের নকশার কোনো ধরনের ব্যত্যয় না ঘটানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্যের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বা অন্য কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করা হয়েছে।
সৌর প্যানেল স্থাপনের সার্বিক সম্ভাব্যতা পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই ও প্রতিবেদন তৈরির জন্য তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। এতে আছেন কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ ও মারদিয়া মমতাজ। উপকমিটির কার্যক্রমে সংসদ সচিবালয়ের যুগ্মসচিব (এএস), ডিপিডিসির প্রতিনিধি, স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীরা সম্পৃক্ত থাকবেন।
এ ছাড়া অধিবেশন চলাকালীন সময় ছাড়া অন্য সময়ে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ রাখলে কী ধরনের ক্ষতি হতে পারে, সে বিষয়ে একটি প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে উপকমিটির কাছে উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সভায় আরও সিদ্ধান্ত হয়, উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রণয়ন সম্পন্ন করে এমপি হোস্টেলের ছাদে সৌর প্যানেল স্থাপনের যে কার্যক্রম চলমান রয়েছে, সে বিষয়ে এই কমিটি কোনো দায়ভার গ্রহণ করবে না।