যশোরের চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রেমিক-প্রেমিকা দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা। মিথিলা চৌগাছা পৌরশহরের বাকপাড়ার এলাকার বাসিন্দা। পুলিশ ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, তারা দুজন প্রেমের সম্পর্কে ছিলেন।
পুলিশ ও স্বজনেরা জানান, বৃহস্পতিবার বিকেলে অয়ন ও মিথিলা নম্বরবিহীন একটি সাদাকালো রঙের ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেলে চড়ে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফেতে খেতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। পথে কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। মিথিলার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, “স্থানীয়দের মাধ্যমে পুলিশ জেনেছে, নিহত দুজন প্রেমিক-প্রেমিকা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। তাদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক পিকআপ ও চালক পলাতক। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”