হাম ও উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১,১৮৬ জনে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,২১০ শিশু।

শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১,০৮২ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১,১৮৬ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৪৬ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১,১৬৪। এই সময়ে ১,০৩২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১,১৩৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ১১ হাজার ৪০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২,৯৭২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮৭ হাজার ৬১৫ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৮০ হাজার ২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।