ফেনীর সোনাগাজী উপজেলায় গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার সিএনজি স্ট্যান্ডের পেছনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জাহিদুল ইসলাম ওরফে রায়হান (২৭), সাখাওয়াত হোসেন ওরফে রবিন (২২), শেখ ফরিদ (২৯) ও মো. মোকাদ্দেস ভুঁইয়া ওরফে তারেক (২৮)।
রায়হান বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং রবিন বখতারমুন্সি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার শেখ ফরিদের বিরুদ্ধে হত্যা, মাদক ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজনের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কেউ কেউ মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তারা এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। তবে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, “অভিযুক্ত ছাত্রদল নেতাদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত করব।”
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশিম বলেন, “গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”