চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থাগুলো। এ ঘটনায় মোহাম্মদ কামরুল ইসলাম নামে বাঁশখালীর ওই যাত্রীকে আটক করা হয়েছে।
উদ্ধার করা স্বর্ণের মধ্যে রয়েছে চারটি স্বর্ণের বার ও এক জোড়া স্বর্ণের চুড়ি। স্বর্ণের মূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৫০-এর এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক যাত্রীর নাম মোহাম্মদ কামরুল ইসলাম। তার পাসপোর্ট নম্বর এ১৩২৪৮৪৬১। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দোনগ্রা এলাকার বাসিন্দা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ শাখার প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “বিমানবন্দর কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় ওই যাত্রীকে সন্দেহজনক মনে করে বিমানবন্দরে দায়িত্বরত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)। পরে ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস ইন্টেলিজেন্সের তত্ত্বাবধানে তার ব্যাগেজ তল্লাশি করা হয়।”
তল্লাশিতে যাত্রীর ব্যাগে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার এবং স্টেইনলেস স্টিলের বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব বারের মোট ওজন ৪৬৬ গ্রাম। এ ছাড়া ওই যাত্রীর কাছে থাকা ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন ৫৬৬ গ্রাম।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের চালানের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ পরিবহনে জড়িত থাকার অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।