‘অস্ত্র’ হাতে প্রতিমন্ত্রীর অভিযান, যা বললেন ডিবি প্রধান

রাজধানীর গেণ্ডারিয়ায় ‘অস্ত্র’ হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

এ ঘটনায় আইনের কোনো ব্যত্যয় হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা শাখার প্রধান) মো. শফিকুল ইসলাম। 

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

শফিকুল ইসলাম বলেন, “এখনও এটা মূল্যায়নের সময় আসেনি। আপনারা যেটা দেখেছেন, আমরাও দেখেছি। স্থানীয় ডিসিকে বলা হয়েছে, তিনি পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেবেন। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়ে থাকলে ডিএমপি অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।” 

এর আগে, গত শনিবার বিকেলে নিজের ফেইসবুক পেইজে গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের একাধিক ভিডিও প্রকাশ করেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 

ভিডিওতে তাকে ‘অস্ত্র’ হাতে অভিযানে অংশ নিতে দেখা যায়। অস্ত্রটির কিছু অংশ ঝাপসা করা থাকায় সেটি কী ধরনের, তা নিশ্চিত হওয়া যায়নি। অন্য একটি ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে যেতে দেখা যায়। 

ভিডিওর ক্যাপশন লেখা ছিল, ‘‘ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ।’’ 

আলোচিত সেই ভিডিওতে দেখা যায়, এক হাতে হ্যান্ড মাইকের মাউথপিস, আরেক হাতে ‘পিস্তল’ নিয়ে গাড়ি থেকে নেমেই একদল লোককে তাড়া শুরু করেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 

এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ‘‘প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ৬ জনকে আটক করে থানায় ফোন দেন। পরে পুলিশ সদস্যরা গিয়ে তাদের থানায় নিয়ে আসেন।’’ 

ওসি আরও বলেন, “আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।”

এদিকে, শনিবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ইশরাক হোসেনের ফেইসবুক পেইজে এক পোস্টে বলা হয়, “ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক কারবারিরা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না। এমনকি তার নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তার শাস্তি আরও বড় হবে।” 

পোস্টে আরও বলা হয়, এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন ইশরাক হোসেন। আসনটিকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।