বাংলাদেশ প্রশাসনের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। সচিব পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও রাষ্ট্রীয় সংস্থায় বদলি এবং পদায়ন করা হয়েছে। রদবদলের এই তালিকায় বাণিজ্য, নৌপরিবহন, মুক্তিযুদ্ধবিষয়ক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের পাশাপাশি জাতীয় নদী রক্ষা কমিশন ও পরিকল্পনা কমিশনের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।
রবিবার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক ১০টি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিবের দায়িত্ব পাচ্ছেন। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের বর্তমান সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ূন কবীরকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে।
পৃথক আদেশে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে নাডা-র রেক্টর (সচিব) মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এই আদেশগুলোতে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, রদবদল হওয়া ১০ জন কর্মকর্তার মধ্যে দুজনকে অতিরিক্ত সচিব থেকে ভারপ্রাপ্ত সচিব এবং একজনকে পূর্ণাঙ্গ সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আর বাকি সাতজনকে সচিব বা সমমর্যাদার পদেই বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।