রূপপুরে নিরাপদে পৌঁছালো ইউরেনিয়ামের আরেকটি চালান

সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিরাপদে পৌঁছেছে ইউরেনিয়ামের আরেকটি চালান।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার পরপরই ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি কেন্দ্রে প্রবেশ করে। কেন্দ্রটির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার ভোর ৫টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

এ সময় সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পুরো সড়কপথে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে, মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমান। এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন। পরে বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়।

এ নিয়ে চলতি বছর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের তিনটি চালান নিরাপদে পৌঁছাল। এর আগে গত ৩ ও ১১ অক্টোবর প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের দুটি চালান কেন্দ্রে পৌঁছায়। বুধবার নিরাপদে পৌঁছানো চালানটি দ্বিতীয় ইউনিটের জন্য আনা হয়েছে।