ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩৭৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১,৩৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে।

অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন করে মারা যাওয়া সাতজনের মৃত্যুই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১,১৬, ৯৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১,১০,৬৫৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।