সিলেট নগরের একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকাকালে পুলিশের ইউনিফর্ম পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করায় সহকারী উপপরিদর্শক (এএসআই) উদয়ন ফারুককে প্রত্যাহার করা হয়েছে। তাকে জালালাবাদ থানা থেকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সিলেট মহানগর পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মহানগর পুলিশ কমিশনার সারওয়ার মোর্শেদের স্বাক্ষরিত এক আদেশে এ ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশের পোশাক পরেই মঞ্চে উঠে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের “ওরে ওরে হাওয়ারে” গানটি পরিবেশন করেন তিনি।
পুলিশের পোশাক পরে তার গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, “ওই পুলিশ সদস্য পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সরকারি দায়িত্ব পালনকালে অন্য কাজে জড়িয়ে পড়া দায়িত্বে অবহেলার শামিল।“
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এএসআই উদয়ন ফারুকের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।