আগামী নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে পারেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলে এই তিন দিন ছুটির সম্ভাবনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বাৎসরিক ছুটির তালিকা পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।
ছুটির হিসাব অনুযায়ী, আগামী ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। এর পরদিন ৭ নভেম্বর শনিবার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এবং ৮ নভেম্বর রবিবার ‘শ্যামাপূজা’। ফলে শুক্র, শনি ও রোববার- এই তিন দিন একটানা ছুটি কাটানোর সুযোগ পাবেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি মাধ্যমিক, নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোতে শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। একই সঙ্গে দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এই ছুটি বহাল থাকবে।
তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এই ছুটির নিয়ম এক নয়। বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটি সম্পূর্ণভাবে তাদের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। যেমন- ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির কোনো সংস্থান রাখা হয়নি।
অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত বাৎসরিক ছুটির তালিকাতেও শ্যামাপূজা উপলক্ষে কোনো ছুটির সুনির্দিষ্ট উল্লেখ নেই। ফলে সাধারণ স্কুল-কলেজের মতো মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ছুটি পাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।