ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে চাতলপাড়ের মেঘনার তীরে শিশুটির মরদেহ ভেসে উঠে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাড়ির পাশে অবস্থিত মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।
সে চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের বাসিন্দা সাখাওয়াত মিয়ার মেয়ে। স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল শিশুটি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সে তার চাচাতো ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে যায়। এ সময় হঠাৎ করে স্রোতের পানিতে নদীতে তলিয়ে যায় । তার সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করে। তবে তারা বয়সে ছোট হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করতে পারেনি।
পরে তার সঙ্গে থাকা শিশুরা তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানায়। তার স্বজনরা ও এলাকাবাসী নদীতে নেমে শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করেন।
ফায়ার সার্ভিসের একটি টিম সারাদিন চেষ্টা করেও মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে বৃহস্পতিবার সকালে চাতলপাড়রের ফকিরদিয়া নামক স্থানে তার মরদেহ ভেসে উঠে।