ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় অ্যাম্বুলেন্স ও বাস মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
শুক্রবার(২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী যাত্রীবাহী কিংফিশার পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামিম রেজা জানান, মাগুরাগামী অ্যাম্বুলেন্স ও মাগুরা থেকে ছেড়ে আসা কিংফিশার নামে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত হন এবং চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।