গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ অক্টোবর) বেলা পৌনে ১১ টার সময় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট।

মহানগরীর কাশিমপুর পশ্চিম শৈলডুবী এলাকায়  সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পরে আরো চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকাল পৌনে এগারোটার সময় সুপ্রিম গার্মেন্টসের কেমিকেল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশে থাকা একটি ঝুট ও আমার দেশ এগ্রো লিমিটেডের ভাড়াকৃত ডিবিএল গ্রুপের সুতার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, “আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”