গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে তিন ঘন্টা পর দুপুর ২টা ২০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বিষিয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, “সকাল পৌনে ১১ টার দিকে মহানগরীর কাশিমপুর পশ্চিম শৈলডুবী এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুনের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে পাশে থাকা আমার দেশ এগ্রো লিমিটেডের ভাড়াকৃত ডিবিএল গ্রুপের সুতার গোডাউনে আগুন মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।”
খবর পেয়ে গাজীপুর, ডিবিএল, সারাবো, ইপিজেড, ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে টিনসেড গোডাউনে থাকা কার্টুন, ঝুট ও সুতা পুড়ে যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
আমার দেশ এগ্রো লিমিটেডের নিরাপত্তা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, “ইন্ডিয়ান ও লেকরা সুতা ছিল, যা প্রতি কেজিতে প্রায় ১,৪০০ টাকা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, সকাল পৌনে ১১ টার দিকে সুপ্রিম গার্মেন্টসের কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশে থাকা, কার্টুন, ঝুট ও আমার দেশ এগ্রো লিমিটেডের ভাড়াকৃত ডিবিএল গ্রুপের সুতার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এলাকায় আসতে রাস্তাটা অত্যান্ত সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি আসতে সময় লাগে। পানি না থাকায় আগুন নেভাতে হিমশিম খেতে হয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।